জবি ছাত্রলীগের সম্মেলন ঘিরে সক্রিয় সিন্ডিকেট

আলোচনায় ২ হাজার কোটি টাকার প্রকল্প

g জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্তির চার মাস পর আগামী ২০ জুলাই ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলন। একে ঘিরে ক্যাম্পাসে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ২ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলমান থাকায় ছাত্রলীগের এবারের সম্মেলনে সিন্ডিকেটের প্রভাব লক্ষ্যণীয়। সিন্ডিকেটের নেতাকর্মীরা তাদের অনুসারীদের শীর্ষ পদে আনতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। এদিকে ছাত্রলীগের শীর্ষপদের দৌড়ে ক্যাম্পাস ও পুরান ঢাকায় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিতর্কিত নেতারাও এগিয়ে আছেন। জানা গেছে, এবারের  সম্মেলনে প্রধান অতিথি  থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি প্রেমঘটিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম  ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জবি ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু কমিটির কার্যক্রম স্থগিত ও ঘটনার তদন্ত চলাকালীন সময়ে জবি ছাত্রলীগের দুইপক্ষ আবার সংঘর্ষে জড়ালে গত ১৯ ফেব্রুয়ারি কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফুল ইসলাম টিটনকে সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক করে কেন্দ্রীয় ছাত্রলীগ আগামী ২০ জুলাই সম্মেলনের দিন ঠিক করে। সম্মেলন প্রস্তুতি কমিটিতে অদৃশ্য ও বিতর্কিত পদ প্রত্যাশীরাও স্থান পেয়েছেন। এদিকে চাঁদাবাজি ও নানা ধরনের অভিযোগের তালিকায় থাকা বিতর্কিত নেতাকর্মীরাও  কাঙ্ক্ষিত পদ  বাগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন স্তরে তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তার মধ্যে রয়েছেন জবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম টিটন, একই শাখার সাবেক সহ-সভাপতি আল আমীন শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজি, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মোবারক রিসাদ তরিক-রাসেল, সাবেক সহ-সভাপতি জামাল হোসেন, সাবেক উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজ, সদ্য সাবেক দপ্তর সম্পাদক শাহবাজ হোসাইন বর্ষণ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ মেহেদী হাসান, নতুন মুখ আদম শফিউল্লাহ। এছাড়াও সাবেক সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন ও আসাদুজ্জামান আসাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজীজ, শান্ত নাজমুল বাবু,  সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-সম্পাদক মাহমুদ হোসাইন পারভেজ ও ইনজামামুল ইসলাম নিলয়ের নাম রয়েছে তালিকায়।

জবি ছাত্রলীগের শীর্ষপদে বিতর্কিতদের স্থান ও সিন্ডিকেটের প্রভাব থাকবে কিনা এমন প্রশ্নে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বনী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে নেতিবাচক কোনো নেতাকর্মীর কোনো স্থান হবে না। মানবিক ও সৃজনশীল নেতাদের স্থান দেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ বিষয়ে কোনো আপস করবে না।