ইত্তেফাক রিপোর্ট
মিরপুরে এক নববধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঐ ভুক্তভোগীর নাম হোসনে আরা। গত সোমবার রাতে একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে হোসনে আরার ভগ্নিপতি মো. জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হোসনে আরাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্ব্বজনরা জানান, ১০ দিন আগে হোসনে আরার সঙ্গে মিরপুরের শাহআলী গুদারাঘাট এলাকার আবুল হাসেমের বিয়ে হয়। হোসনে আরার বিয়ে হলেও তিনি মিরপুরের শাহআলী গুদারাঘাট এলাকায় টিনশেড একটি বাড়িতে বোনের সঙ্গে থাকতেন। আর তার স্ব্বামী আবুল হাসেম একই এলাকায় স্বজনদের সঙ্গে থাকেন। সোমবার রাত ১০টার দিকে প্রতিবেশীরা ঘরের ভেতর গলায় ওড়না ও গামছা পেঁচানো অবস্থায় হোসনে আরার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে শাহআলী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এক আত্মীয় বলেন, হোসনে আরা মিরপুরে একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। তার স্বামী আবুল হাসেম পেশায় মাংস বিক্রেতা।