বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত

বিমান বাহিনী প্রধানের যুক্তরাজ্য গমন

  বিশেষ প্রতিনিধি

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক ও একজন সফরসঙ্গীসহ রাজকীয় যুক্তরাজ্য বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল স্যার স্টিফেন হিলারের আমন্ত্রণে সরকারি সফরে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। যুক্তরাজ্য সফরকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ‘দ্য চিফ অব দ্য এয়ার স্টাফস এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্সে’ অংশগ্রহণ করবেন। এ বছর কনফারেন্সের বিষয়বস্তু হচ্ছে ‘মাল্টি ডোমেইন অপারেশনস ফর দ্য নেক্সট জেনারেশন এয়ারফোর্স’।

গতকাল আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কনফারেন্সে যোগদানের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য উপযোগী বিমান বাহিনী গঠনে সহায়ক হবে, যা ফোর্সেস গোল ২০৩০ অর্জনকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সফরকালে বিমান বাহিনীর প্রধান যুক্তরাজ্যের মার্শাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের প্রেসিডেন্ট স্যার মাইকেল মার্শাল এবং সিইও অ্যালিস্টার ম্যাকফির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। বিমান বাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। যুক্তরাজ্য সফর শেষে বিমান বাহিনীর প্রধানের আগামী ২০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।