রয়টার্স
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি স্থলমাইন বিস্ফোরণে সাত শিশুসহ ১১ জন নিহত হয়েছে। এতে আরো ৩৪ নারী ও শিশু আহত হয়েছে। সোমবার দুপুরের দিকে কান্দাহার প্রদেশের খাকরেজ জেলায় এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ২২ শিশু ও আট নারীর জখম গুরুতর। হতাহতরা সবাই সাহাবি সুফি শাহ আগার মাজার জিয়ারত করতে গাড়িতে করে যাচ্ছিল। অপর এক ঘটনায় লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে একটি মসজিদের ভেতরে বিস্ফোরণে তিন তালেবান যোদ্ধা ও তিন শিশুসহ ১১ বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন লোগার প্রাদেশিক পরিষদের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই। তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এ দুটি হামলার দায় স্বীকার করেনি। তালেবান যোদ্ধারা জানিয়েছে, তারা নিরাপত্তা বাহিনীগুলোর ওপর আক্রমণ করতে রাস্তার পাশে পেতে রাখা বোমা ও স্থলমাইন ব্যবহার করে, কিন্তু বেসামরিকরা প্রায়ই এগুলোর শিকার হয়ে আঘাত পায় অথবা নিহত হয়।
০