ব্যাঙ্গালোরে অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে উচ্ছেদ

দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে হাজার হাজার গরিব বাংলাভাষীকে ‘অবৈধ বাংলাদেশি’র তকমা দিয়ে উচ্ছেদ করার অভিযান শুরু করেছে শহরের পৌর কর্তৃপক্ষ, যেখানে ক্ষমতায় বিজেপি। উচ্ছেদ আতঙ্কে থাকা বাঙালিদের বেশিরভাগই মুসলিম এবং তাদের দাবি তারা পশ্চিমবঙ্গেরই লোক। নিজেদের ভারতীয় প্রমাণের মতো পরিচয়পত্র তাদের থাকলেও রাজ্যে বিজেপির নেতা-বিধায়করা অবশ্য বলছেন সেগুলোর বেশিরভাগই জাল এবং তাদের কর্নাটক থেকে তাড়াতেই হবে। এদিকে এই বাঙালিদের ব্যাঙ্গালোর থেকে তাড়ানোর জন্য গতকাল সোমবার চূড়ান্ত সময়সীমা ধার্য থাকলেও বামপন্থীদের আন্দোলনের মুখে সেই ‘ডেডলাইন’ আরো দু’দিন বাড়ানো হয়েছে। ভারতের আসামে এনআরসি’র চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের পর থেকেই দেশের নানা প্রান্তে অবৈধ বিদেশিদের তাড়ানোর যে হিড়িক পড়েছে, সেই তালিকায় সবশেষ সংযোজন হলো ব্যাঙ্গালোর। -বিবিসি