বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ছয় জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) :মীর্জগঞ্জ উপজেলায় শহরের কলেজ রোড এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সুবিদখালী নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র সিয়ামের (১১) মৃত্যু হয়েছে। সিয়াম ওই এলাকার মো. মিজানুর রহমান হাওলাদারের ছেলে।
পঞ্চগড় :বোদা উপজেলার সাকোয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বোদা-দেবীগঞ্জ মহাসড়কের সাকোয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জের হবিবর রহমান (৩০) এবং একই উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের গোমস্তাপাড়ার মকছেদুল (২৫)।
খুলনা অফিস :জাহানাবাদ ক্যান্টনমেন্টের বিলিয়ান হোসেন (৪৫) নামের এক বেসামরিক সদস্য নিহত হয়েছেন। গতকাল প্রাতঃভ্রমণকালে নগরীর শিরোমনি এলাকার খুলনা-যশোর মহাসড়কে ট্রাকচাপায় তিনি নিহত হন। বিলিয়ান জাহানাবাদ ক্যান্টনমেন্টের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের (এমইএস) বেসামরিক সদস্য (বিদ্যুতের লাইনম্যান) হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জে গতকাল রাস্তা পারাপারের সময় ইজিবাইকের চাপায় সাহেরা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। উপজেলার জটিয়া ইউনিয়নের পানান গ্রামের লাল মিয়ার স্ত্রী তিনি।
সাতক্ষীরা :কলারোয়ায় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল ভোরে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া পৌর সদরের ঝিকরা হরিতলা পূজামণ্ডপের সামনে এই দুর্ঘটনা ঘটে।