ক্যাফেটেরিয়ায় পর্দা কর্নারের দাবি মাভাবিপ্রবির নারী শিক্ষার্থীদের 

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নারী শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ায় পর্দা কর্নার চালুর দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী খাদিজা আরেফিন মীম প্রথমে এই বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করেন। তিনি বলেন, যারা পর্দা মেনে চলেন, তাদের জন্য ছোট পরিসরেও ক্যাফেটেরিয়ায় আলাদা বসার ব্যবস্থা থাকা উচিত। এতে তারা স্বস্তির সঙ্গে খাবার গ্রহণ করতে পারবেন। অনেকে তার এই দাবির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানান। 

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাসলিমা ইসলাম বলেন, আমার মতো আরও অনেকেই পরিপূর্ণ পর্দার কারণে ক্যাফেতে বসে খেতে পারেন না। কিছু খেতে ইচ্ছা করলে পার্সেল নিতে হয়, যা সবসময় সম্ভব হয় না। আবার পার্সেল নেওয়ার সময় মারাত্মক ভিড় হয়। যদি ক্যাফেতে একটি পর্দা কর্নারের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য ভালো হবে। 

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই, যেখানে সব মতাদর্শের মানুষ তাদের বিশ্বাস ও মূল্যবোধ অনুসারে চলার সুযোগ পাবেন। ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়া পর্দাশীল শিক্ষার্থীদের জন্য বাস্তবেই একটি চ্যালেঞ্জ। তাদের এই অসুবিধার কথা চিন্তা করে যদি ক্যাফের একটি কর্নারে আলাদা ব্যবস্থা করা হয়, তাহলে তাদের জন্য স্বস্তিদায়ক হবে।

ক্যাফেটেরিয়ার পরিচালনাকারী উমর ফারুক বলেন, ক্যাফেটেরিয়া মূলত শিক্ষার্থীদের জন্য। যদি শিক্ষার্থীরা চায়, তাহলে তাদের জন্য একটি কর্নার করে দিতে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের পরিচালক ড. মো. আশরাফ আলী বলেন, শিক্ষার্থীরা যদি আবেদন করে, তাহলে আমি বিষয়টি গুরুত্বসহকারে কমিটির কাছে উপস্থাপন করব।