সাংবাদিক হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা —ইকবাল সোবহান চৌধুরী

প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যার বিচার হয়নি ১৯ বছরেও। এতে ক্ষুব্ধ স্বজন, সাংবাদিক সমাজ। শামছুর রহমান কেবল, সাগর-রুনির মতো সাংবাদিকদের খুনের বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা।

মঙ্গলবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যার ১৯তম বার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা সাংবাদিক হত্যার বিচার দাবিতে আন্দোলন-সংগ্রাম করছি। কিন্তু বিচার আমরা পাইনি। যে সমাজ, রাষ্ট্রে সাংবাদিক হত্যার বিচার হয় না, সেখানে সাহসী সাংবাদিকতার সক্ষমতা দেখানো সম্ভব নয়। সাহসী সাংবাদিকতা না থাকলে গণতন্ত্রের বিকাশ হবে না। সাহসী সাংবাদিকতা ও গণতন্ত্র একইসূত্রে গাঁথা। সাংবাদিক হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। আমাদের নেতৃত্বে ব্যর্থতা। দেশে সামরিক শাসন, স্বৈরশাসন ছিল। পরবর্তীতে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। গণতন্ত্রের বিকাশে সাংবাদিক হত্যার বিচার করতে হবে।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাগর-রুনি হত্যার তদন্তের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তারা সময়ক্ষেপণ করেছে। ৯০ বার সময় নিয়েছে। শামছুর রহমান কেবল হত্যার বিচারিক কার্যক্রমেও স্থবিরতা। এটা বিচার বিভাগের নিষ্ক্রিয়তা, নাকি সরকারের ব্যর্থতা; সেই প্রশ্ন থেকে যায়। শামছুর রহমান কেবল সাহসী সাংবাদিকতার জন্যই প্রাণ দিয়েছেন। কোনো ব্যক্তিগত কারণে নয়। দীর্ঘদিনেও হত্যার বিচার না হওয়ায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ।

জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজে সহ-সভাপতি মনোতোষ বসু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা প্রমুখ বক্তব্য রাখেন।