কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকের সামনেই এক আসামির ছুরিকাঘাতে আরেক আসামি খুনের ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই ঘটনায় নিরাপত্তাজনিত কোনো ধরনের গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল মঙ্গলবার বিজিবি সদর দফতরে আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন। বিজিবি সদস্যদের বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিলখানার বিজিবি সদর দফতরের বীরউত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশ পদক, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা ২০১৮ প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আদালতের চাহিদামতো পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজলাস কক্ষে বিচারকের সামনে এ ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। কীভাবে এজলাস কক্ষে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এতে যদি নিরাপত্তাগত দিক থেকে কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর আদালতকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নানা রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।