রাজধানীতে ‘জলছবি শিশু উৎসব’ অনুষ্ঠিত

শিশুদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে জলছবি আয়োজিত 'জলছবি শিশু উৎসব ২০২৫' সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুক্রবার দিনব্যাপী এই উৎসবে শিশুরা চিত্রাঙ্কন, সংগীত, আবৃত্তি, নাটক ও পাপেট শো ইত্যাদি আয়োজন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মার্ট পেরেন্টিং সেশন, পাপেট শো ও কর্মশালা, আবৃত্তি, নাটক, সংগীত পরিবেশনা, চিত্রপ্রদর্শনী, মধ্যাহ্নভোজন, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রাচ্যকলা বিভাগের সহকারী শিক্ষক সুমন বৈদ্য, আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক সুমাইয়া শরীফ এবং অভিনেতা ও চিত্রশিল্পী আরিফ হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার, অভিনেতা শাহেদ আলী এবং আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মীর বরকত। তাঁরা শিশুদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং তাঁদের সৃজনশীলতার প্রশংসা করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং উৎসাহ প্রদান করেন।

উৎসবের সাংস্কৃতিক পর্বের সঞ্চালনা করেন অভিনেতা ও চিত্রশিল্পী আরিফ হক। পাশাপাশি তিনি স্মার্ট পেরেন্টিং বিষয়ে আলোচনা করেন, যেখানে অভিভাবকদের জন্য শিশুর মানসিক বিকাশ ও সৃজনশীল চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জলছবির অধ্যক্ষ এবি সিদ্দিকি বলেন, শিশুদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক জগতে সম্পৃক্ত করতে জলছবি ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাবে।"

শিশুদের উচ্ছ্বাস, অভিভাবকদের অংশগ্রহণ ও শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় "জলছবি শিশু উৎসব ২০২৫" হয়ে উঠেছিল সত্যিকার অর্থেই আনন্দময়।