ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের বাসের সিটে বসা নিয়ে কেন্দ্র করে শিক্ষার্থীর মাঝে বাকবিতণ্ডায় ঘটনা থেকে পরে দফায় দফায় মারামারি ঘটনা ঘটেছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার বাসে কুষ্টিয়াতে থেকে এ মারামারি শুরু হয়। পরে রাত ১২ টা পর্যন্ত দফায় দফায় মারামারিতে জড়ান শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ছেড়ে আসা ডাবল ডেকার 'সানন্দা' বাসে আল ফিকহ বিভাগের কয়েকজন শিক্ষার্থী জ্যাকেট দিয়ে সিট ধরে। পরে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সুমন অভ্র বাসে এসে জ্যাকেট উঠিয়ে সিটে বসে। এ নিয়ে সুমনের সাথে আল ফিকহ বিভাগের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। পরে আল ফিকহের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিহাব ও রাকিব কথা বলতে গেলে সুমন রাকিবের শার্টের কলার ধরে। এতে তাদের মাঝে হাতাহাতিতে সুমনের মুখে আঘাত লাগে।
এ ঘটনায় সুমন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে রাত সাড়ে ৮ টার দিকে গাড়ী ক্যাম্পাসে পৌঁছানোর পরে প্রক্টরিয়াল বডি এসে উপস্থিত হয়। সাথে সাথে আইন বিভাগের অন্য শিক্ষার্থীরাও এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গাড়ি আটকায়। এসময় তারা সানন্দা বাসের সামনের গ্লাস ভাংচুর করে। পরে বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসেন।
আলোচনায় দুই পক্ষের মাঝে সমঝোতা হয়। তবে সমঝোতা শেষে আইন বিভাগ আল-ফিকহ বিভাগকে সন্ত্রাসী বললে উভয় পক্ষ উত্তেজিত হয়ে দফায় দফায় মারামারিতে জড়ান। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, রোববার এ বিষয়ে আমরা আবারও বসবো। ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।