গাজীপুরে ডেঙ্গু জ্বরে ২২ জন আক্রান্ত

গাজীপুরেও ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ২২জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে চার জনকে হাসপাতালে ভর্তি ও একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রণয় ভূষণ দাস জানিয়েছেন, গত ১ জুলাই থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা চিকিত্সা নিতে হাসপাতালে আসতে শুরু করে। এ পর্যন্ত ২২জন চিকিত্সা নিয়েছে। তার মধ্যে ৪ নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছে। একজনকে ঢাকায় রেফার্ড এবং অন্যরা চিকিত্সা নিয়ে বাড়ি ফিরে গেছে। গাজীপুর মহানগরীর ছোটো দেওড়া, ইটাহাটা, কাশিমপুর, কোনাবাড়ি, পূবাইল এলাকা থেকে বেশি রোগী এসেছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সালনা এলাকার বাসিন্দা মো. আনছার আলীর পুত্র মো. শাহ আলম (২৮) জানান, হঠাত্ তার রাতে জ্বর ও মাথা ব্যথা শুরু হয়। পরে শরীরে জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা নিয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক আলমত ও পরীক্ষার রিপোর্ট দেখে চিকিত্সক তার ডেঙ্গু জ্বর হয়েছে বলে জানান।

গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনা বাড়াতে ঢাকা ও গাজীপুরে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে লিফলেট করতে দেওয়া হয়েছে। শিগগিরই প্রচারণা চালানো হবে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসাইন রাহাত জানান, ডেঙ্গু জ্বরের ব্যাপারে আমরা সতর্ক আছি। হাসপাতালে ডেঙ্গুর পর্যাপ্ত ওষুধ ও রোগ নির্ণয়ের উপকরণ মজুত রয়েছে। তিনি নগরবাসীকে যার যার বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।