বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, দুর্নীতি নামক ক্যানসারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তবে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে না। তাই আমাদের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে আমাদের নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর সে শিক্ষা নিতে হবে বঙ্গবন্ধু, তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতা ও দেশপ্রেমিক নেতাদের কাছ থেকে। গতকাল বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে কাপাসিয়া পুরাতন ধানবাজারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবউদ্দীন আহম্মেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদু্জ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকারসহ প্রমুখ।