সিদ্ধিরগঞ্জে মোবাইল চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১১টি দামি মোবাইল সেট উদ্ধার করে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে বিভিন্ন কোম্পানির ২২টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৮২ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করা হয়। গোপন খবরের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাদশা আলম ও সহকারী উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—মো. রনি, মো. আতাউর রহমান, মো. সাহেব আলী, মো. মেহেদী, মো. ইকবাল হোসেন, মো. সাইফুল, মো. অনিক ও মো. রিপন।