নিজের প্রাণনাশের আশঙ্কায় নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। গতকাল সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে লিখিতভাবে এ আবেদন জানান বিএনপির সাবেক এমপি স্বপন। সিইসির সঙ্গে সাক্ষাত্ শেষে স্বপন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন যাবত্ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিসুর রহমান বিভিন্ন সময় তার বক্তব্যে আমার নাম উল্লেখ করে হাত-পা ভেঙে ফেলাসহ উদ্দেশ্যমূলকভাবে নানা হুমকি দিচ্ছে। এই হুমকির কারণে আমার প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে। আওয়ামী লীগের ওই নেতার নেতৃত্বে লাগাতারভাবে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনা করা হচ্ছে। এ পরিস্থিতিতে আমি, আমার পরিবার ও নেতাকর্মীদের তীব্র ঝুঁকির আশঙ্কা করছি। এ অভিযোগ উল্লেখ করে সিইসির কাছে লিখিত আবেদনে স্বপন বলেন, আরপিও অনুসারে তফসিল ঘোষণার পর একজন প্রার্থী যেসকল নিরাপত্তা সুবিধা প্রাপ্ত হন আমাকে সেই ধরনের নিরাপত্তা সুবিধা দেয়ার জন্য র্যাব-পুলিশসহ সংশ্লিষ্ট সকল মহলকে অতিসত্বর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।