আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির অপারেশন পরবর্তী স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তাঁর স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল। সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিত্সক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করেন। ডা. ফিলিপ কোহকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নছর রিজভী হাসপাতাল লবিতে এ তথ্য জানান।
ডা. রিজভী বলেন, দুপুরে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁর স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। এ সময় অন্যান্যের মধ্যে ওবায়দুল কাদেরের সহধর্মিণী অ্যাডভোকেট ইসরাতুন্নেছা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য নিজাম হাজারী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, দূতাবাস কর্মকর্তা গাজী আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। আজ বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।