ডিসিদের উদ্দেশে বিচারপতি ইমান আলী

দেশকে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিকল্প নেই

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। সাক্ষাত্ অনুষ্ঠানে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, সংবিধানের মধ্য থেকে আইনানুগভাবে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। দেশকে গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার ওসমান হায়দার সাংবাদিকদের বলেন, এটি সৌজন্য সাক্ষাত্ ছিল। এখানে বিচারাধীন কোনো বিষয়ে আলোচনা হয়নি। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন যে আদালতের আদেশ কার্যকর করতে আপনাদের (বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক) দায়িত্ব রয়েছে। কারণ এককভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মধ্য থেকে বক্তব্য রাখেন। তারা বলেন, উচ্চ আদালতে মামলা করার কারণে অনেক সময় ইজারা আদায় করা সম্ভব হয় না। ঐসব মামলা দ্রুত নিষ্পত্তি হলে রাজস্ব আদায় বৃদ্ধি পেত। এছাড়া আদালতের আদেশের অনুলিপি ডিজিটাল পদ্ধতিতে দ্রুত পৌঁছানো গেলে তা কার্যকর করতে সহজ হতো। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ ছাড়াও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।