মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ওপর যে স্থগিতাদেশ রয়েছে তা এক/দুই মাসের মধ্যে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগরান। গত সোমবার কুয়ালালামপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের যে স্থগিতাদেশ ছিল তা খুব শিগগিরই প্রত্যাহার হবে। এক থেকে দুই মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। পুনরায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য নতুন পদ্ধতি চালুও করবে মালয়েশিয়া। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার খবরে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী কুলাসেগরান বলেন, বাংলাদেশি কর্মী নিয়োগে স্থগিতাদেশের ফলে মালয়েশিয়ার বেশ কয়েকটি খাত ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে কৃষি (রোপণ) ও নির্মাণ শিল্প। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
গত বছরের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের আগের পদ্ধতি (এসপিপিএ) বাতিল করে মালয়েশিয়ার সরকার। এসপিপিএ পদ্ধতিতে দেশটির পূর্ববর্তী সরকার অনুমোদিত বাংলাদেশের ১০টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারত। ঐ পদ্ধতিতে ব্যাপক দুর্নীতির তথ্য সামনে আসার পর কর্মী নিয়োগ সাময়িক স্থগিত করে মালয়েশিয়া।
এদিকে মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের ধরতে চালানো অভিযানে এক দিনে তিনশো বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করা হয়েছে।