এনআইডি দ্রুত যাচাই করবে গেটওয়ে ‘পরিচয়’

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহজে ও দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে porichoy.gov.bd উদ্বোধন করবেন। আজ বুধবার বেলা ৩টায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সেবার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।

‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার, যা নির্বাচন কমিশনের জাতীয় ডাটাবেসের সঙ্গে সংযুক্ত। এটি এমন একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং, যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যেকোনো সংস্থার গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমেষেই সেবা দিতে পারবে। এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর আগের মতো তিন-পাঁচ কর্মদিবস অপেক্ষা করতে হবে না। বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগইন করে সংস্থাগুলো জাতীয় পরিচয়পত্রের তথ্য ম্যানুয়ালি যাচাই করে থাকে। আবার অনেক সংস্থা এনআইডি যাচাইও করে না। কারণ নির্বাচন কমিশনের এনআইডি ডাটাবেসের অ্যাক্সেস তাদের নেই, যা গ্রাহকদের জাল বা সঠিক আইডি যাচাই করার জন্য অনুমতি দেয়। কিন্তু পরিচয় গেটওয়ে ব্যবহার করলে এনআইডি যাচাই করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। যেকোনো প্রতিষ্ঠান সফ্টওয়্যারের মাধ্যমে ‘পরিচয় গেটওয়ে’ সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করলে জাতীয় আইডি শনাক্তের ফলাফল সঙ্গে সঙ্গেই অটোমেটিকভাবে পেয়ে যাবে।

এটি দেশের জনগণের জন্য এমন সুবিধা আনবে, যারা এখন ব্যাংক একাউন্ট খোলা, ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট খোলা বা যে কাজগুলোতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজন হয়, সেসব কাজে তারা খুব উপকৃত হবে। নিজের নাম নিবন্ধন করে যাচাইয়ের জন্য আর চার-পাঁচ দিন অপেক্ষা করতে হবে না, ভোগান্তিও পোহাতে হবে না। এটি সঙ্গে সঙ্গেই জাল আইডিগুলো শনাক্ত করে জালিয়াতি প্রতিরোধ করবে এবং পরিষেবাগুলোকে আরো নিরাপদ করবে। ‘পরিচয় গেটওয়ে’ গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের খরচ কমিয়ে কাজকে দ্রুত করবে।