তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের পরিচয়ে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। আনু মুহাম্মদের ব্যবহূত মোবাইল ফোনে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে পরিবারসহ গুম করারও হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অধ্যাপক আনু মুহাম্মদ তার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
আনু মুহাম্মদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ফোন নম্বর +৯১৮০১৭৮২২৭২৫ থেকে আজ (মঙ্গলবার) সকাল ১০টায় একটা ফোন এলো। নিজের পরিচয় দিলেন সুব্রত বাইন, কলকাতায় থাকেন, তিনি নাকি শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কলকাতায় তার ‘ছোট ভাইদের’ ‘চিকিত্সা’র জন্য টাকা দাবি করলেন। না দিলে পরিবারের সদস্য গুমসহ কীভাবে টাকা আদায় করবেন তা দেখতে বললেন। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি জানিয়ে রাখলাম।’
এ ব্যাপারে আনু মুহাম্মদ গণমাধ্যমকে বলেছেন, এর আগেও তাকে হত্যা, গুম ও চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আইনগত ব্যবস্থা নিয়েছি। এবারও তাই করব। এ ব্যাপারে খিলগাঁও থানায় একটি জিডি করব।
পুলিশ জানিয়েছে, থানায় কেউ কিছু জানাননি। এ ব্যাপারে রাত ৮টা পর্যন্ত কোনো অভিযোগ বা জিডি করা হয়নি।