মাদারীপুরের এক হত্যা মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়ার পর বাদীপক্ষের মারধরের শিকার হয়েছেন আসামি রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার। তাকে বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হন তার আইনজীবী আবদুল আউয়াল। এ ঘটনা দেখে অন্যান্য আইনজীবীরাও হামলাকারীদের প্রতিরোধ করেন। এরপর তারা হামলাকারী জুয়েল, বুলেট ও বাপ্পী নামে তিন যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। গতকাল মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ইউপি চেয়ারম্যান, আইনজীবী আবদুল আউয়াল ও হামলাকারীদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেছেন।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, সিরাজুল ইসলাম হাওলাদার বাজিতপুরের আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান। গত ৯ মে রাজৈরের বাজিতপুরের মজুমদার বাজার এলাকায় মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার নামে এক ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জের থেকে কুপিয়ে হত্যা করা হয়। সম্পর্কে তারা চাচাতো ভাই। এ ঘটনায় সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে রাজৈর থানায় মামলা করার পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল তিনি হাইকোর্ট থেকে জামিন পান। জামিন আদেশের পর সিরাজুল ইসলাম আইনজীবীর কক্ষের দিকে অগ্রসর হলে জুয়েল, বাচ্চুসহ বাদীপক্ষের লোকেরা আক্রমণ করে।