ঢাবি প্রক্টরের আশ্বাসে স্থগিত সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে বিভিন্ন দাবিতে আন্দেলনরত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে সাত কলেজের একটি প্রতিনিধিদল প্রক্টরের কার্যালয়ে আলোচনায় বসে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ২০১৭-১৮ সেশনের সমস্যা নিয়ে প্রক্টরের সঙ্গে কথা বলেন। আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ইত্তেফাককে জানান, আমরা উপাচার্য স্যারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম; কিন্তু তার দেখা পাইনি। তবে প্রক্টর স্যার আমাদের আশ্বাস দিয়েছেন। যারা উত্তীর্ণ হননি তাদের পরবর্তী বর্ষে উত্তীর্ণের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। এর আগে টানা দুই দিন নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর ইত্তেফাককে বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম আছে। তবে আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিজিপিএ ২.০০ এর কম পেলে ফেল হিসেবে ধরা হয়। তবে শিক্ষার্থীদের এ তথ্য জানানো হয়নি বলে তারা অভিযোগ করেন। তারা অবিলম্বে এ সমস্যার সমাধান দাবি করেন।