উচ্চ আদালতে দায়ের হওয়া সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে জেলা প্রশাসকদের দ্রুত অবগত করতে এবং তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ৫-৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে অ্যাটর্নি জেনারেল অফিসে একটি সেল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এতে অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে জেলা প্রশাসকদের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তির একটা ব্যবস্থা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত পঞ্চম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফৌজদারি কার্যবিধির কিছু কিছু ধারা প্রয়োগের ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা করতে গেলে আইন সংশোধন করতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমে দেখা যাবে যে, এটার প্রয়োজন আছে কি না?
পরিকল্পিত শিল্প এলাকায় বিদ্যুত্ ও গ্যাস
সংযোগ দেওয়া হবে: শিল্পমন্ত্রী
দেশে যত্রতত্র শিল্প কারখানা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে। শিল্প স্থাপনের জন্য কোনো কৃষি জমি নষ্ট করতে দেওয়া হবে না। পরিকল্পিত শিল্প এলাকায় অবশ্যই বিদ্যুত্ ও গ্যাস সংযোগ দেওয়া হবে। গতকাল সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাটকল শ্রমিকদের মধ্যে অসন্তোষ
সৃষ্টি করছে বিরোধীরা : পাটমন্ত্রী
পাটকল শ্রমিকদের বেতন-ভাতা দিচ্ছে সরকার। তারপরও শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে সরকার বিরোধীরা কাজ করছে বলে মন্তব্য করেছেন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, আপনারা শুনেছেন একটি বিরোধী দলের নেতারা এ বিষয়ে ফোনোলাপ করেছেন যে, এই অসন্তোষটা কীভাবে আরো বাড়িয়ে দেওয়া যায়। তিনি বলেন, পণ্যে বাধ্যতামূলক পাটের মোড়ক ব্যবহারে যে আইন রয়েছে সেটা যেন বাস্তবায়ন হয় সে নির্দেশনা আমরা দিয়েছি।
এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা
করছি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী
বিদেশগামী যাত্রীদের হয়রানি ও প্রতারণা রোধে দালালদের ধরতে জেলা প্রশাসকদের সহায়তা চাইলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করার কথা জানান তিনি।
ধান সংগ্রহ কার্যক্রম জোরদারের
নির্দেশ খাদ্যমন্ত্রীর
ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।