ডেঙ্গু রোগী দেখতে হাসপাতালে মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু রোগের বাহক এডিশ মশা ময়লা আবর্জনায় বংশ বিস্তার করে না। অনেকে হয়তো তাই মনে করেন। কিন্তু এটি সম্পূর্ণ স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। আমরা শিগগিরই বাসাবাড়িতে জমে থাকা স্বচ্ছ পানিতেও মশার ওষুধ ছিটানোর জন্য মশক কর্মীদের পাঠাবো। আপনারা তাদের বাসাবাড়িতে প্রবেশের অনুমতি দিয়ে সহযোগিতা করবেন। সেই সঙ্গে আপনার প্রতিবেশীদেরও বলবেন যেনো দুদিনের বেশি পানি জমিয়ে না রাখে। তাহলেই এটি প্রতিরোধ করা সম্ভব হবে। ডেঙ্গু বিষয়ে সার্বিক খোঁজ খবর নিতে গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মেয়র এসব কথা বলেন। এর আগে মেয়র হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন ডেঙ্গু রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের শারীরিক অবস্থা এবং ওষুধ ও খাওয়া-দাওয়ার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হানের সঙ্গে কথা বলেন এবং তাকে সান্ত্বনা দেন।