ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের অভিযোগে উপজেলা সেচ্ছাসেবকলীগ সম্পাদকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর শহরে অভিযান চালিয়ে ৫ জন এবং বুধবার দুপুরে আরও একজনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটকরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরথান আলী, সাবেক পৌর কাউন্সিলর মাইদুল হক, পৌর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, কাওছার আলী, মুন্না ও আসাদুজ্জামান।
এদিকে অভিযুক্তদের আটকের সময় স্থানীয়রা পুলিশের কাছে কারণ জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, এ সময় তাদের মারধর করে পুলিশ। এতে স্থানীয় জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুশ, হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া ও সুমন আহত হন।
ওসি জানান, আন্দোলনের উস্কানিমূলক লিফলেট বিতরণ করার কারণে তাদের আটক করা হয়েছে। স্থানীয়দের মারপিট প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়রা আটকদের ছিনতাইয়ের চেষ্টা করছিল। এজন্য তাদেরকে সরিয়ে দিতে তর্ক-বিতর্ক হয়েছে।