অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় কুড়িগ্রাম সীমান্তে যুবক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে নয়ন মিয়া (২৬) নামের বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ী উপজেলার আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলার ৯ এর পাশ থেকে ৩শ গজ বাংলাদেশের ভেতরে খালিশাকোঠাল সীমান্তে তাকে আটক করে বিজিবি।

আটক নয়ন মিয়া ঢাকার হাতিরঝিল থানার বাদশা মিয়ার ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান নয়ন। বৃহস্পতিবার ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করে বিজিবি। সন্ধ্যায় হস্তান্তর করা হয় ফুলবাড়ী থানায়।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি বাংলাদেশি এক যুবককে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করেছে। শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।