ভারতে ফুটপাতে গান গাইতে গিয়ে পুলিশি বাধার মুখে এড শিরান

জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। বর্তমানে কনসার্টে যোগ দিতে ভারতে অবস্থান করছেন তিনি। এবারের সফরে এড শিরান ভারতের ছয়টি শহরে কনসার্ট করবেন। যার মধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং, দিল্লি ও পুনে। চারটি শহরে কনসার্ট শেষ করেছেন গায়ক। অনেক বড় তারকা হলেও তাকে মাটির মানুষই মনে করেন অনুরাগীরা। সেই সরলতার আঙ্গিকে ফুটপাতেই গিটার হাতে গান ধরলেন তিনি। কিন্তু পড়লেন পুলিশি বাধায়!

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরু শহরের চার্চ স্ট্রিট এলাকায়। এদিন তিনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ফুটপাতে দাঁড়িয়ে গান গাইতে শুরু করেন। যার ফলে বিব্রতও হতে হলো শিল্পীকে।

ভারতে ফুটপাতে গান গাইতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন এড শিরান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, এড শিরান তার জনপ্রিয় গান ‘শেপ অফ ইউ’ গাচ্ছিলেন। এমন সময়ে কিছু মানুষও জড়ো হতে থাকে। তার মধ্যে হঠাৎ পুলিশ এসে তার সেই পারফরম্যান্স ভেস্তে দেয়। খুলে দেওয়া হয় মাইকের প্লাগ। কারণ, অনুমতি ছাড়াই নাকি গাইছিলেন এড শিরান!

এ সময় গায়ক বলে ওঠেন, ‘আমাদের অনুমতি নেওয়া ছিল এখানে থাকার, কিন্তু এই পুলিশ এসে সেটা বন্ধ করে দিচ্ছেন।’

এ ঘটনায় কেউ কেউ গায়ককে কটাক্ষ করেছেন, আবার কেউ পুলিশকে। নেটিজেনরা বলছেন, ‘আন্তর্জাতিক শিল্পী গান গাইছিলেন। তার অনুমতি নেওয়া ছিল তাও পুলিশ প্লাগ খুলে দিল। অত্যন্ত দুঃখজনক।’ 

আবার অঘোষিত ভাবে অভিনেতা সিনেমা হলে যাওয়ায় হুড়োহুড়িতে পড়ে মৃত্যুর মতো ঘটনা ঘটে, এদিনও এমনটা ঘটতে পারত বলে মনে করছেন অনেকেই।