সুপার বোলে লামারের পারফরম্যান্সে প্রত্যাশা মেটেনি ভক্তদের, ছিলেন  ট্রাম্প-মেসি

যুক্তরাষ্ট্রের ফুটবল টুর্নামেন্ট এনএফএল (ন্যাশনাল ফুটবল লিগ)- এর ফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই। খেলা তো বটেই, তার মাঝের হাফটাইম শো নিয়েও হয় ব্যাপক মাতামাতি। এখানে পারফর্ম করেন বিশ্বের নামী পপ তারকারা। এবার যেমন ছিলেন সদ্যই গ্র্যামি জেতা র‍্যাপার কেনড্রিক লামার। তবে ভক্তরা বলছেন, এবারের হাফটাইম একেবারেই জমেনি।

সুপার বোলে লামার। ছবি: সংগৃহীত

চলতি মাসেই গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার জেতেন মার্কিন র‍্যাপার কেনড্রিক লামার। তার হাফটাইম পারফরম্যান্স নিয়ে তাই অপেক্ষা ছিল ভক্তদের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে লুইজিয়ানার নিউ অরলিন্সে হাফটাইমে মঞ্চে ওঠেন লামার। গত বছর তিনি ‘নট লাইক আইস’ গান দিয়ে মাতিয়েছেন। কানাডীয় র‍্যাপার ড্রেকের সঙ্গে লামারের দ্বন্দ্ব অনেক দিনের। গানটিতে ড্রেকের বিরুদ্ধে রীতিমতো কামান দেগেছেন লামার।

এবারের সুপার বোলে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট সুপার বোলে হাজির হলেন। ছবি: সংগৃহীত

এদিন দর্শকের প্রত্যাশা মিটিয়ে ‘নট লাইক আইস’ গেয়েছেন লামার। ‘আমি এবার সবচেয়ে প্রিয় গানটি গাইব’ বলে ১৩ মিনিটের পরিবেশনা শুরু করেন আলোচিত এই র‍্যাপার। অনেক সমালোচক মনে করেন, এবার গানের চেয়ে ড্রেককে দেখিয়ে দিতেই বেশি মনোযোগী ছিলেন গায়ক। ফলে তার পারফরম্যান্স প্রত্যাশানুযায়ী হয়নি।

এদিন লামারের সঙ্গে পারফর্ম করেন এ সময়ের আরেক আলোচিত শিল্পী সিজা। একসঙ্গে তারা ‘ব্ল্যাক প্যান্থার’-এর হিট গান ‘অল দ্য স্টারস’ গেয়ে শোনান।

লামারের পারফরম্যান্সের সময় কয়েকজনকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। পরে অবশ্য নিরাপত্তারক্ষীরা তাকে বের করে দেন। ছবি: সংগৃহীত

একপর্যায়ে লামারের সঙ্গে দেখা যায় টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকেও। সেরানা কিছুদিন ড্রেকের সঙ্গে প্রেম করেছেন। এদিন তাকে হাজির করেও ড্রেককে ‘দেখিয়ে দিলেন’ লামার। এ ছাড়া প্রি-সুপার বোলে পারফর্ম করেন লেডি গাগা।

হাফটাইমে লামারের পারফরম্যান্সের সময় কয়েকজনকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। পরে অবশ্য নিরাপত্তারক্ষীরা তাকে বের করে দেন।

ছিলেন টেলর সুইফট। ছবি: সংগৃহীত

এবারের সুপার বোলে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট সুপার বোলে হাজির হলেন।

হাফটাইমের কিছুক্ষণ পরেই ট্রাম্প চলে যান। এ ছাড়া সুপার বোলে হাজির ছিলেন গায়িকা টেলর সুইফট, জে-জেড, ফুটবলার লিওনেল মেসি প্রমুখ।