মাহবুব শরীফ
সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড ফোন আর ট্যাবলেটের বাজার বেড়েই চলেছে। এসব ডিভাইসে নেই কোনো কি প্যাড। যার ফলে অনেকেই টাইপিংয়ের বিষয়টিতে অস্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। তবে অ্যান্ড্র্রয়েডগুলোতে রয়েছে বিল্ট-ইন ভার্চুয়াল কিপ্যাড। এর বাইরে ব্যবহারের সুবিধার্থে রয়েছে নানান ধরনের কিবোর্ড অ্যাপ্লিকেশন যেগুলো ব্যবহারে প্রচলিত কি প্যাডের মতই সুবিধা পাওয়া যেতে পারে। অ্যান্ড্র্রয়েড ডিভাইসের জন্য এইরকম কিছু কিবোর্ড অ্যাপ্লিকেশনের কথা জানানো হলো এই লেখায়—
সোয়াইপি
অ্যান্ড্র্রয়েডগুলোতে সাধারণত ভার্চুয়াল কিবোর্ড হিসেবে থাকে পূর্ণাঙ্গ কোয়ার্ট (QWERT) কিবোর্ড। এর পাশাপাশি সোয়াইপ কিবোর্ডও থাকে। সোয়াইপ কিবোর্ড হচ্ছে প্রচলিত কিবোর্ডের চাইতে একটু আলাদা। এই কিবোর্ডে লেখা টাইপ করার জন্য প্রতিটি অক্ষর আলাদা আলাদাভাবে টাইপ করার প্রয়োজন নেই। বরং যে অক্ষরগুলো টাইপ করতে হবে, তার প্রথম অক্ষরটিকে স্পর্শ করে পরবর্তীতে বাকি অক্ষরগুলোর উপর একটানে হাত ঘুরিয়ে নিলেই চলবে। কিবোর্ড থেকে হাত না উঠিয়েই একের পর এক স্পর্শ করে গেলেই কাঙ্ক্ষিত শব্দটি টাইপ হয়ে যাবে। অক্ষরগুলোর উপর স্লাইড করে এভাবে টাইপ করতে গিয়ে কিছু সমস্যাও হয়। এতে করে নিজের প্রয়োজনীয় অক্ষরগুলো ছাড়া অন্য অক্ষরগুলোর উপরেও চাপ পড়তে পারে। এতে লেখার গতিও সাধারন কিবোর্ডের চাইতে অনেক বেশি। বিনামূল্যের এই অ্যান্ড্র্রয়েড অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে www.swype.com থেকে।
টাচপ্যাল
অ্যান্ড্র্রয়েডের কিবোর্ড অ্যাপ্লিকেশন হিসেবে আরেকটি চমত্কার অ্যাপ্লিকেশন হচ্ছে টাচপ্যাল। এটিও স্লাইডিং টাইপিংয়ের অ্যাপ্লিকেশন। অর্থাত্, এখানেও প্রতিটি অক্ষর আলাদাভাবে টাইপ না করে প্রয়োজনীয় অক্ষরগুলোর উপর আঙ্গুলের মাধ্যমে স্লাইড করলেই চলে। এতে অবশ্য আরও কিছু বাড়তি সুবিধা যোগ করা হয়েছে। যেমন, এটি ব্যবহারকারীর টাইপিংয়ের ধরণ মনে রাখতে পারে। এর ফলে কোনো ব্যবহারকারী কিবোর্ডেও উপর স্লাইড করা শুরু করলে এটি ব্যবহারকারীর পূর্বের টাইপিংয়ের কথা মনে রেখে অটো সাজেশন দিতে সক্ষম। এর স্পেসবারকেও ডিজাইন করা হয়েছে বিশেষভাবে।
এটি জিএসএমএ মোবাইল গ্লোবাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত। https://bit.ly/2Y55MGB সাইট থেকে সংগ্রহ করা যাবে এই অ্যাপ্লিকেশনটি।
আইসিএস কিবোর্ড
ব্লাইন্ডটাইপ নামের এক প্রতিষ্ঠান অ্যানড্রয়েডের জন্য প্রেডিকশন নির্ভর একটি অ্যাপ্লিকেশনের কথা জানায়, যা টাইপিংয়ের সময় অভাবনীয় সূক্ষতার সাথে শব্দগুলোকে অনুমান করতে পারে। তবে ব্লাইন্ডটাইপ বাজারে এটি নিয়ে আসার আগেই একই ধরনের একটি অ্যাপ্লিকেশন অ্যান্ড্র্রয়েড মার্কেটে চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটিই আইসিএস বা আইসক্রিম স্যান্ডউইচ কিবোর্ড। অ্যান্ড্র্রয়েডের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ বা আইসিএস শুরু থেকেই সাড়া জাগিয়েছে সকলের মাঝে। এই কিবোর্ড অ্যাপ্লিকেশনটিও তেমনি সাড়া জাগিয়েছে সকলের মাঝে। এর বাড়তি ফিচার হিসেবে রয়েছে এতে ‘এন্টার’ বাটনটি দীর্ঘক্ষণ চেপে ধরে রেখে বিভিন্ন স্মাইলি ব্যবহারের সুবিধা। আবার এর ‘/’ বাটনটি দীর্ঘক্ষণ চেপে ধরে রেখে চালু করা যায় ইউআরএল মোড। অ্যান্ড্র্রয়েড মার্কেট থেকে সংগ্রহ করা যাবে এই অ্যাপ্লিকেশনটি। ওয়েব ঠিকানা: https://bit.ly/2O8OAMW
সুইফটকিএক্স
অ্যান্ড্র্রয়েডের জন্য আরেকটি ভালো কিবোর্ড অ্যাপ্লিকেশন হচ্ছে সুইফটকিএক্স। এটিও ব্যবহারকারীর ব্যবহারের সাথে সাথে সঠিক শব্দটি দ্রুত অনুমান করে দিতে পারে ব্যবহারকারীর জন্য। এর ব্যবহারাকারীরাও মুগ্ধ এই নির্ভুল অনুমান ক্ষমতায়। এই কিবোর্ড অ্যাপ্লিকেশনটির মূল শক্তির জায়গাই হচ্ছে এই অনুমান নির্ভরতা। ৩৫টি ভাষায় ব্যবহার করা যায় এই অ্যাপ্লিকেশন। দ্রুত টাইপিংয়ের জন্য এতে রয়েছে মাল্টিটাচ ফ্রেমওয়ার্ক। অ্যান্ড্র্রয়েডের জন্য অন্যতম সেরা একটি কিবোর্ড হিসেবে এটি ব্যবহারকারীদের নিকট জায়গা করে নিয়েছে। এতে রয়েছে অন্যান্য ভার্চুয়াল কিবোর্ডের চাইতে বাড়তি ‘লেফট’ ও ‘রাইট’ অ্যারো কি, যা এর ব্যবহারকে আর স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। এই অ্যাপ্লিকেশনটি অবশ্য বিনামূল্যে পাওয়া যাবে না। তবে, একমাসের জন্য পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুবিধা রয়েছে বিনামূল্যেই। আর একমাস ব্যবহার করতে পারলে এর জন্য টাকা খরচ করতেও সমস্যা হবে না বলেই বিশ্বাস এর ডেভেলপারদের। বিনামূল্যে এই অ্যাপ্লিকেশনটি পেতে ভিজিট করুন অ্যান্ড্র্রয়েড মার্কেট। ওয়েব ঠিকানা: https://bit.ly/30zK2jJ।
গো কিবোর্ড
অ্যান্ড্র্রয়েডের নানান ধরনের কিবোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারফেসের দিক থেকে সবচেয়ে আকর্ষণীয় কিবোর্ড মনে করা হয় গো কিবোর্ডকে। এতেও রয়েছে বিভিন্ন ভাষায় টাইপ করার সুবিধা। রয়েছে ডিকশনারি। এতে বিভিন্ন কনটাক্ট সংরক্ষণ করার সুবিধা রয়েছে। মাল্টি-পয়েন্ট টাচ এই কিবোর্ডের বিশেষ বিশেষ ফিচার হিসেবে রয়েছে ইমোজি সমর্থন এবং স্লাইড ইনপুট। এছাড়া এটি ডানে-বামে সড়ানোর মাধ্যমে এর কিবোর্ড লেআউট বদলানো যায়। আবার নিচের দিকে নাড়ালে এটি বন্ধ হয়ে যায়। এটি ‘ফ্যান্টাসি টেক্সট আউটপুট’ সমর্থন করে। আর এতে রয়েছে নানান ধরনের থিম ব্যবহারের সুবিধা। এর প্রচুর থিম সংগ্রহের মধ্যে ব্যবহারকারী নিজের পছন্দমত যে কোনো থিম ব্যবহার করতে পারে। এটি পাওয়া যাবে https://bit.ly/2XVaUZG ঠিকানায়।