ব্যাংক ঋণে করপোরেট গ্যারান্টিতে আরো সতর্ক হতে হবে

বিআইবিএমের সেমিনারে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংক ঋণে করপোরেট গ্যারান্টিতে আরো সতর্ক হতে হবে। ঋণখেলাপির বিষয়টি ক্রমেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। করপোরেট গ্যারান্টি খেলাপি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংকারদের ঋণ প্রদানের ক্ষেত্রে গ্যারান্টি সংক্রান্ত বিষয়গুলোতে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তারা ব্যাংক ঋণে করপোরেট গ্যারান্টিতে আরো সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে ‘করপোরেট গ্যারান্টি: ডাজ ইট ওয়ার্ক ইন রিকভারি অব লোন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মহা. নাজিমুদ্দিন। বৈঠকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহাকারী অধ্যাপক ড. মো. মোশাররেফ হোসেন।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএমের নির্বাহী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. বরকত-এ-খোদা, বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক  এবং পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক ও বিআইবিএমের সাবেক সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলী।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিআইবিএমের নির্বাহী কমিটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান বলেন, ঋণখেলাপি ব্যাংকিং খাতের পরিচালনা ও মুনাফার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে নীতিনির্ধারকরা ভাবছেন, পরিস্থিতি উত্তোরণের জন্য বিভিন্ন পরিকল্পনা করছেন। তিনি বলেন, ব্যাংক ঋণে সতর্কতার পাশাপাশি প্রবৃদ্ধি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকটা বিবেচনায় রাখতে হবে।

প্রফেসর ড. বরকত-এ-খোদা বলেন, করপোরেট ঋণের ঝুঁকিগুলো সম্পর্কে ধারণা থাকলে ঋণ প্রদানে দুর্বলতাগুলো ব্যাংকারদের নজরে পড়বে। অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, ব্যাংকারদের করপোরেট গ্যারান্টি বিষয়ে অনেক ক্ষেত্রে স্বচ্ছ ধারণা নেই। এই ব্যাংকারদের আরো সতর্ক থাকতে হবে। প্রয়োগে দুর্বলতা কাটাতে হবে। শুধু জমিজমা জামানত নিয়ে করপোরেট ঋণ দেওয়া ঠিক নয়। আইনি কিছু পরিবর্তন প্রয়োজন, যাতে ব্যাংকের স্বার্থ রক্ষা পায়। আদালতে একটি আলাদা বেঞ্চ প্রয়োজন, যা করপোরেট গ্যারান্টি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। অধ্যাপক মো. ইয়াছিন আলী বলেন, কোনো প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে অন্য কোনো ব্যাংক যেন ঋণ না দেয়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে দেখভাল করতে হবে।