পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার কিছুটা উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। সেই সঙ্গে বেড়েছে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫২টি কোম্পানির ১২ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৭৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩০৯ কোটি ৬০ লক্ষ ১৭ হাজার ৭৭৩ টাকা, যা মঙ্গলবারের তুলনায় ৩৮ কোটি টাকা বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫১৩৩ দশমিক ১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক শূন্য দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৮৩০ দশমিক শূন্য ৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১১৭৬ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে ছিল ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, সিলকো ফার্মা, গ্রামীণফোন, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, জেএমআই সিরিঞ্জ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ শিপিং করপোরেশন। এদিকে গতকাল অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৩০ পয়েন্টে। এ সময় সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।