এগিয়ে ফ্লাওয়ার-সাকলাইন

পাকিস্তানের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মিকি আর্থারের বিদায় সুনিশ্চিতই বলা যায়। তার পরিবর্তে সাবেক ইংল্যান্ড কোচ জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার এবং পাকিস্তানি কিংবদন্তি সাকলাইন মুশতাক এগিয়ে আছেন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ইংল্যান্ড দলের কোচ হিসেবে অত্যন্ত সফল ছিলেন ফ্লাওয়ার। তিনি প্রধান কোচ থাকাকালেই ২০১০ সালে ইংল্যান্ড প্রথম এবং একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে। শুধু তাই নয়, ২৮ বছরের বন্ধ্যাত্ব কাটিয়ে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ এবং নিজ মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জয় করে ইংলিশরা। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক দলের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের সেরা স্পিনারদের একজন মুশতাকের। খেলোয়াড়ী জীবনে ৪৯ টেস্টে পাকিস্তানের হয়ে ২৯.৮৩ গড়ে ২০৮টি এবং ২১.৭৮ গড়ে ১৬৯ ওয়ানডেতে ২৮৮ উইকেট শিকার করেছেন মুশতাক। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষে আর্থারের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং প্রধান কোচ হিসেবে তার ভাগ্য নিয়ে জোর গুঞ্জন রয়েছে। এমন কি অধিনায়কত্বেও কিছু পরিবর্তন আনার কথা ভাবছে পিসিবি। শোনা যাচ্ছে, আবারো নাকি দ্বৈত অধিনায়কের রীতিতে ফিরবে।

চাপ কমাতে সরফরাজ আহমেদের দায়িত্ব খর্ব করা হবে। তাকে কেবল ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দলের অধিনায়কত্বে রাখা হবে। টেস্ট দলের জন্য খোঁজা হবে নতুন কাউকে। খড়গ নেমে আসছে ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতেও। ইনজামাম প্রধান নির্বাচকের পদ হারাচ্ছেন। তবে পিসিবি সূত্র জানিয়েছে তিনি বোর্ডের সঙ্গেই থাকবেন, ভিন্ন কোনো রূপে। - বাসস