ইনডোর হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

কৌশিকের ডাবল হ্যাটট্রিক

 স্পোর্টস রিপোর্টার

এশিয়ান কাপ হকিতে বাংলাদেশের কোনো প্রত্যাশা ছিল না। কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো টুর্নামেন্টে খেলতে গেলে প্রথমেই যে কোনো দল একটু নার্ভাস থাকে। যারা ভয় কিংবা সংশয় কাটিয়ে উঠতে পারে তারা কিছুটা ভালো করলেও করতে পারে। তবে বাংলাদেশ কোনো ভয়ে ছিল না। ইনডোর হকিতে খেলতে গিয়ে বাংলাদেশ লড়াই করার চেষ্টা করেছিল প্রথম ম্যাচ হতে। মালয়েশিয়ার কাছে ৬-০ গোলে এবং দ্বিতীয় খেলায় সাতবারের চ্যাম্পিয়ন ইরানের কাছে ৮-০ গোলে হারে জিমি, শিতুলরা বাস্তবতা দেখেছেন। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ম্যাচটিতে ঠিকই বাংলার খেলোয়াড়রা ঘুরে দাঁড়িয়েছেন। গতকাল সকালে থাইল্যান্ডের চুনবুরীতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের তৃতীয় খেলায় বাংলাদেশ ৯-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে। ইনডোর হকিতে এই জয়টি স্মরণীয় হয়ে থাকবে হকির জন্য। এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। আজ সন্ধ্যা ৭টায় গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বিশ্ব ইনডোর হকি র?্যাংকিংয়ের ২৯তম দল স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

ইনডোর এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচ হারলেও যে অভিজ্ঞতা হয়েছিল তা কাজে লাগিয়ে প্রথম ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। ফিলিপাইনকে কোনো সুযোগই দেয়নি। প্রথমার্ধে ৬-০ গোলের লিড। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল। ডাবল হ্যাটট্টিক করেন মইনুল ইসলাম কৌশিক। রাসেল মাহমুদ জিমি দুই এবং আশরাফুল ইসলাম এক গোল করেন।