স্পোর্টস রিপোর্টার
কাতার বিশ্বকাপ ফুটবল এবং এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে এশিয়া অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার খেলবে বাংলাদেশের গ্রুপে। কাতার ছাড়াও বাংলাদেশের ই গ্রুপে রয়েছে আফগানিস্তান, ওমান, ভারত। সাদা চোখে দেখলে ওমানকে হারানোর সুযোগ আছে। আর ভারত অনেক শক্তিশালী দল। যদিও এই দেশটি যখন বাংলাদেশের মুখোমুখি হয় তখন দুই দেশের মধ্যে ফুটবল যুদ্ধটা হয় বেশ আকর্ষণীয় এবং উপভোগ্য।
গ্রুপ পর্বের খেলা হবে হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে। বাংলাদেশ খেলতে যাবে প্রতিপক্ষের মোটিতে। প্রতিপক্ষ দলগুলো আসবে বাংলাদেশে। আটটি ম্যাচ পাবে বাংলাদেশ। আগামী বছর জুন পর্যন্ত খেলা চলবে।
বাংলাদেশ এর আগেও কাতার ফুটবল দলের বিপক্ষে খেলেছিল। সেটি ছিল জাকার্তা এশিয়ান গেমস। বাংলাদেশ হারিয়েছিল কাতার অনূর্ধ্ব—২৩ ফুটবল দলকে। এবারও হয়ত তারাই খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। তারপরও এটা সহজেই বলা যায় কাতার অনেক শক্তিশালী দল।
বাংলাদেশ লাওসকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বে ওঠার পর প্রতিপক্ষ জানার অপেক্ষায় ছিল। গতকাল বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির অফিসে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়। ঢাকায় কয়েকটি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে। অনেকের প্রশ্ন কাতার বিশ্বকাপ আয়োজক দেশ তারা কেন বাছাইয়ে খেলছে। জেনে রাখা ভালো এশিয়া অঞ্চলে যে বাছাইটি চলছে দুটি খেলার। একটি বিশ্বকাপ এবং অন্যটি চীনে অনুষ্ঠিতব্য ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের খেলা।
৪০টি দেশ নিয়ে এশিয়া অঞ্চলের বাছাই হবে। ৪০ দলকে আট গ্রুপে ভাগ করেছে এএফসি। আট গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্সআপ দেশ মিলে ১২ দেশ নিয়ে কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বাছাইয়ের ১২ দল বাদ দিয়ে নিচের সেরা ২৪ দল খেলবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। ৪০ দেশের মধ্যে ৩৬ দেশের ভাগ্য নির্ধারণ হয়ে গেলেও তলানিতে থাকবে আরো চার দেশ। এএফসি এই চার দেশের জন্য টুর্নামেন্ট রেখেছে। এই চার দেশের সঙ্গে যোগ হবে এশিয়া অঞ্চলের প্রথম পর্বের বাছাইয়ে বাদ পড়া দল। প্রথম পর্বে বাদ পড়া দলগুলো নিয়ে সলিডারিটি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে এএফসি।
প্রথম রাউন্ডের বাছাইয়ে লাওসকে হারিয়ে দ্বিতীয় পর্বে ৪০ দেশের বাছাইয়ের টিকিট পায় বাংলাদেশ। জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে এখন ছুটিতে গেছেন। তবে বাফুফে হতে জানা গেছে দ্বিতীয় রাউন্ডের বাছাই শুরু হওয়ার আগে বাংলাদেশ ফুটবল দলকে বিদেশি কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলাবে। গিয়ে খেলতে হতে পারে কিংবা প্রতিপক্ষ দলকে ঢাকায় আনা হতে পারে। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের বাছাই শুরু হবে ৫ সেপ্টেম্বর হতে।
কাতার ২০২২ বিশ্বকাপ রাউন্ড ২ এবং
এশিয়ান কাপ ২০২৩ রাউন্ড ২ বাছাই ফিকশ্চার
‘এ’ গ্রুপ চীন, সিরিয়া, ফিলিফাইন, মালদ্বীপ এবং গুয়াম।
‘বি’ গ্রুপ অস্ট্রেলিয়া, জর্ডান, চাইনিজ তাইপে, কুয়েত, নেপাল।
‘সি’ গ্রুপ ইরান, ইরাক, বাহরাইন, হংকং, কম্বোডিয়া।
’ডি’ গ্রুপ সৌদি আরব, উজবেকিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন, সিঙ্গাপুর।
‘ই’ গ্রুপ বাংলাদেশ, ওমান, ভারত, আফগানিস্তান, কাতার।
‘এফ’ গ্রুপ জাপান, কিরগিজস্তান, তাজিকিস্তান, মিয়ানমার, মঙ্গোলিয়া।
‘জি’ গ্রুপ আরব আমিরাত, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
‘এইচ’ গ্রুপ দক্ষিণ কোরিয়া, লেবানন, উত্তর কোরিয়া, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা।
১০ সেপ্টেম্বর আফগানিস্তান ও বাংলাদেশ। আফগানিস্তানে
১০ অক্টোবর বাংলাদেশ ও কাতার। ঢাকায়
১৫ অক্টোবর ভারত ও বাংলাদেশ ভারতে
১৪ নভেম্বর ওমান ও বাংলাদেশ। ওমানে
২৬ মার্চ বাংলাদেশ ও আফগানিস্তান ঢাকায়
৩১ মার্চ কাতার ও বাংলাদেশ। কাতারে
৪ জুন বাংলাদেশ ও ভারত। ঢাকায়
৯ জুন বাংলাদেশ ও ওমান। ঢাকায়