আসামে ৫২ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত

এ পর্যন্ত ২০ জনের মৃত্যু

এনডিটিভি

ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় বন্যা দুর্গতের সংখ্যা ৫২ লাখে দাঁড়িয়েছে এবং দেড় লাখ লোক ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। আসামের ৩৩টি জেলার মধ্যে ৩০টি বন্যাক্রান্ত হওয়ায় সরকার রাজ্যটিতে রেড অ্যালার্ট জারি করেছে। মঙ্গলবার আরো পাঁচ জন মারা যাওয়ার পর বন্যার কারণে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযানে সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীকে নামানোর পরও মৃতের সংখ্যা বৃদ্ধি ঠেকানো যায়নি।

রাজ্যের বারপেটা, ধ্রুব্রি ও দক্ষিণ সালমারা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তিন জেলার চার হাজার ৬০০ গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যটির মধ্য দিয়ে বয়ে যাওয়া ১১টি নদীর সবগুলোর পানি বিপত্সীমার ওপরে রয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৫টি দল বন্যাক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছে। দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।