বামনা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে মামলা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে বামনা থানায় মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ আসামি মো. নাসির চৌকিদার, মো. আনসার আলী হাওলাদার এবং মো. দুলাল চৌধুরীকে গ্রেফতার করে বুধবার বরগুনা আদালতে পাঠায়। তবে আরেক আসামি সোহাগ এখনো গ্রেফতার হয়নি।
মামলা ও ঘটনার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ঐ গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মো. সোহাগ। পাশের ঘরের লোকজন মেয়েটির চ্যাঁচামেচি শুনে তাকে উদ্ধার করতে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান বলেন, ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেন। অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করে বরগুনা আদালতে পাঠানো হয়েছে।