গ্রেফতার ৮, ট্রাক ও প্রাইভেটকার জব্দ
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর উত্তরায় কাঁঠাল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১। সেই সঙ্গে মাদক চোরাচালানের অভিযোগে ৮ জনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়। মঙ্গলবার গভীর রাতে হাউজ বিল্ডিং থেকে এ চক্রটিকে আটক করা হয়। আটককৃতরা হলো—রাজু আহম্মেদ, মুন্না, সাগর, ইউসুফ, নূর ইসলাম, রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। এসময় তাদের গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ ফেনসিডিল, ৮টি মোবাইল ফোনসেট, নগদ টাকা, একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১-এর কমান্ডিং অফিসার (সিও) সারওয়ার বিন কাশেম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর হতে কাঁঠাল বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড়ো চালান ঢাকার উদ্দেশে আসছে জানতে পেরে নজরদারি বৃদ্ধির এক পর্যায়ে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় মাদকদ্রব্য বহনকারী ট্রাকের অবস্থান শনাক্ত করা হয়।
অভিযান পরিচালনাকারী র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজু আহম্মেদ পেশায় ট্রাক ড্রাইভার। সে এর আগে ঢাকা-খুলনা রুটে একটি নৈশ কোচের ড্রাইভার ছিল।
তিনি আরো বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার পর থেকে সে নৈশ কোচ ছেড়ে ট্রাক চালানো শুরু করে। সে দীর্ঘদিন যাবত্ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ট্রাকে মৌসুমি ফসল পরিবহনের আড়ালে মাদকদ্রব্য রাজধানীতে নিয়ে আসছিল। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি ট্রিপে ২০-২৫ হাজার টাকা নিয়ে থাকে। সে এর আগে অন্তত সাতটি মাদকের বড়ো চালান ঢাকায় নিয়ে এসেছিল।
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, আটক মুন্না ও সাগর তার সহযোগী হিসেবে কাজ করত। তারা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চালান প্রতি ৫-৭ হাজার টাকা নিত বলে জানায়। তারা এখন পর্যন্ত ১০-১২টি মাদকের চালান ঢাকায় পৌঁছাতে সহযোগিতা করেছে।
তিনি আরো বলেন, এছাড়া আটক ইউসুফ উবার ড্রাইভার ছিলেন, উবারে গাড়ি চালানোর পাশাপাশি সে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। আটক রফিকুল ইসলাম একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। আটক নূর ইসলাম, মফিজুল ইসলাম এবং মোস্তাফিজুর চক্রের অন্যতম সদস্য। তারা মাদকের চালান সংগ্রহ করে ট্রাকে তুলে দিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় এবং স্থানীয় মাদক কারবারিদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে। তারা প্রাইভেটকার/সিএনজিতে করে মাদকের খুচরা চালান ঢাকার বিভিন্ন স্থানে পৌঁছে দেয়।