কাউন্টার টেরোরিজম প্রধান মনিরুল
ইত্তেফাক রিপোর্ট
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, নানা কারণে বাংলাদেশে জঙ্গি কর্মকান্ডের ঘটনায় কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। এক ধরনের ক্রান্তিকাল চলছে জঙ্গি তত্পরতা নিয়ে। নিউজিল্যান্ডের মসজিদে এবং শ্রীলঙ্কার গীর্জায় হামলার ঘটনার পর বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি কিছুটা বেড়েছে। যা কিছুদিন থাকবে। এ ঝুঁকি বৃদ্ধি পেলেও আমরা তত্পর আছি। গতকাল রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ অডিটোরিয়ামে জঙ্গিবাদ বিরোধী শপথ বাক্য পাঠ ও সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দলসমূহকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এখানে সব ধর্মের-বর্ণের মানুষের এক অপূর্ব মেলবন্ধন রয়েছে। বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান প্রত্যেকেই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করছে।
লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—অনুষ্ঠানের আহবায়ক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুজ্জামান মুকুল ও লালমাটিয়া মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর ড. ফেরদৌস আরা খানম। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।