সোয়া কোটি টাকা আত্মসাত্
ইত্তেফাক রিপোর্ট
গাড়ির জ্বালানি, মেরামত ও সংরক্ষণ বাবদ সরকারের সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুইজন সিবিএ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুজন হলেন, সিবিএর সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া। জহিরুল ইসলাম চৌধুরী পিডিবি সহকারী হিসাব রক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত) এবং মো. আলাউদ্দিন মিয়া স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর (বর্তমানে অবসরপ্রাপ্ত)।
গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান বাদী হয়ে দুদকের ঢাকা জেলার সমন্বিত কার্যালয়ে-১ এ মামলা দায়ের করেন। গত ১৪ জুলাই কমিশন এই মামলার অনুমোদন দেন।