সাকিব না থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না স্যান্টনার

জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়েছে কিউইরা। সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশকে বেশ কঠিন প্রতিপক্ষ মানছেন তারা।

ম্যাচের আগের দিন রোববার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশ দলে সাকিব আল হাসান না থাকলেও অন্যদের প্রশংসা করেছেন তিনি।

স্যান্টনার বলেন, ‘আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে। সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে। তবে তাদের এখন রিশাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদী মিরাজ আছে, মাহমুদউল্লাহও কিছু ভালো ওভার করতে পারে।'

বাংলাদেশের ব্যাটিং লাইনের প্রশংসা করে কিউই অধিনায়ক আরও বলেন, 'খুব ভালো ভারসাম্য আছে। ব্যাটিং ইউনিটও ভালো। হৃদয় গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছে। জাকেরও অনেক কিছু করে দেখিয়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে।’