চতুর্থ ধাপে বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের দোলেশ্বর থেকে পানগাঁও পর্যন্ত বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিআইডব্লিউটিএ ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান নদীর পাড় অবৈধভাবে দখল করে সেখানে রাখা বিভিন্ন সামগ্রী নিলামে ৮৮ লক্ষাধিক টাকায় বিক্রি এবং দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ।
বিআইডব্লিউটিএ, ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, তারা একতলা ভবন ছয়টি, দোতলা ভবন একটি এবং আধাপাকা ও টিনশেড বাড়িসহ মোট ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হয়েছেন। উচ্ছেদের পাশাপাশি বুড়িগঙ্গা নদীর পাড় অবৈধভাবে দখল করা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সামগ্রী নিলামে বিক্রি করে পাওয়া ৮৮ লাখ ২০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, জুলাই মাসের শেষ নাগাদ বুড়িগঙ্গা নদীর উভয় পাড় দখলমুক্ত করা সম্ভব হবে। ইতিমধ্যে বসিলা এলাকায় আমিন মমিন হাউজিং কর্তৃক ভরাট করা বুড়িগঙ্গা নদীর জমি উদ্ধার এবং সেই স্থান খনন করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার কাজ শেষ হয়েছে। এখন চলছে স্থায়ীভাবে নদীর সীমানা পিলার বসানোর কাজ। এর পরপরই শুরু করা হবে ৫২ কিলোমিটার এলাকাজুড়ে সৌন্দর্য বর্ধনের কাজ। আজ বৃহস্পতিবার পাগলা এলাকায় বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।