নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার ভোরে পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন-চার জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে গাছ কাটার করাত, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়। গ্রেতারকৃতরা হলো মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার ইসমাইলের ছেলে ডাকাত সর্দার আল আমিন, সাত্তারের ছেলে জুয়েল, পারভেজের ছেলে শান্ত ও বন্দর মদনগঞ্জের মিজানুর রহমানের ছেলে তুহিন (২১)। এদের মধ্যে ডাকাত সর্দার আল আমিনের বিরুদ্ধে ৬টি, জুয়েলের বিরুদ্ধে ৭টি ও শান্ত ও তুহিনের বিরুদ্ধে ৩টি করে ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে গতিরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ তারা মূল্যবান মালামাল লুট করছিল। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সোনারগাঁও থানার এএসআই নারায়ণ ভৌমিক থানায় মামলা করেছেন।