দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলায় এজলাসে খুনের ঘটনা

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণেই এজলাসে খুনের ঘটনা ঘটেছে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কোন বিভাগ বা কারা এর জন্য দায়ী, তাদের দ্রুত খুঁজে বের করে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

এজলাসে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটিকে অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক টুকু গণমাধ্যমকে জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিফাত হত্যাকাণ্ডের বিষয়ে এখনই মতামত প্রকাশ করার সময় আসেনি। তদন্ত শেষে জনসম্মুখে অপরাধীদের মুখোশ উন্মোচন করা হবে, আইনের মুখোমুখি করা হবে।