বিভিন্ন দেশে রাষ্ট্রদূত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিশনগুলো হচ্ছে বেইজিং, ব্রাসেলস, টোকিও এবং নিউ ইয়র্কের জাতিসংঘ স্থায়ী মিশন। জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেতে পারেন এবং টোকিওর রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তার স্থলাভিষিক্ত হতে পারেন। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিমকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তার জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক) মাহবুব-উজ-জামান নিয়োগ পেয়েছেন।
বেলজিয়ামে বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মাদ শাহাদাত হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) কামরুল আহসানকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্ট্রিয়া, পোল্যান্ড, নেদারল্যন্ডস, গ্রিস, পর্তুগাল, শ্রীলঙ্কা, নেপালসহ বেশ কয়েকটি দেশে নতুন রাষ্ট্রদূত ও হাই কমিশনার পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। যেসব রাষ্ট্রদূত ছয় বছর বা দুটি দেশে পরপর দায়িত্ব পালন করেছেন তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া নির্দিষ্ট মেয়াদ বা তিন বছরের বেশি সময় ধরে বিদেশে দায়িত্বে আছেন এমন রাষ্ট্রদূতদের অন্যত্র বদলি করা হবে।