বলিউড ভাইজান সালমান খান এবার দেখা দিলেন রুদ্র মূর্তিতে। ‘সিকান্দার’র প্রথম ঝলকেই সাড়া ফেলেছিলেন তিনি। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বেশি বিধ্বংসী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসেছে সিনেমা ‘সিকান্দার’র টিজার।
বলিউডের সিনেমায় লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই সিনেমাতেও সেই একই মেজাজে ধরা দিলেন ভাইজান।
বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়, শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। ছবিতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দার’ বলে। অসহায় মানুষের হয়ে লড়াই করাই সিকান্দারের উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য সাধন করতে তিনি হিংসার পথ বেছে নেন নিমেষেই। তাই তার সংলাপ- ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।’
এই ঝলকে দেখা যায়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকেও। সালমানের সঙ্গে তার রসায়ন দেখতে উদ্গ্রীব দর্শকরাও। প্রথম ঝলকেও সালমানের একটি সংলাপ নজর কেড়েছিল। তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের যোগ। সালমানের এ সংলাপ নাকি লরেন্স বিষ্ণোইয়ের জন্যই- ‘শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা।’
কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এ ঘটনার জন্যই সালমান লরেন্স বিষ্ণোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এ বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকেই। এভাবেই কি তবে শত্রুদের জবাব দিচ্ছেন ভাইজান? ঝলক দেখে উৎসাহী তার অনুরাগীরাও। আবহসংগীতেও মজেছেন তারা।
উল্লেখ্য, সালমানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ‘টাইগার ৩’ সিনেমায়। তার পর থেকে বেশ কিছু সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে।
‘সিকান্দার’-এ সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও দেখা যাবে কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। জানা গেছে, এই সিনেমার ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় রয়েছেন সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।