কঙ্গোর প্রাণঘাতী ইবোলা মহামারীকে আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট হিসেবে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বুধবার জেনিভায় এই ঘোষণা করা হয়। সম্প্রতি কঙ্গো-রোয়ান্ডা সীমান্তবর্তী গোমা শহরের ২০ লাখ বাসিন্দার মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ রোগের জীবাণু।
এর আগে তিন বার ইবোলা সংক্রমণ নিয়ে এমন ঘোষণা করার আবেদন নাকচ করেছিল হু-এর বিশেষজ্ঞ কমিটি। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা ইবোলা সংক্রমণকে বিশ্বব্যাপী সংকট হিসেবে ঘোষণার পক্ষে বার বার যুক্তি তুলে ধরেছেন। ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণের ২০১৮ সালের আগস্ট মাস থেকে এই পর্যন্ত মারা গিয়েছেন ১,৬০০ এর চেয়েও বেশি মানুষ।
উত্তর পূর্ব কঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দরসহ গোমা শহরে লাফিয়ে বাড়ছে ইবোলা আক্রান্তের সংখ্যা। কঙ্গোর এক অসুস্থ মাছ ব্যবসায়ী উগান্ডা সফর সেরে ফেরার পরে ইবোলা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে উদ্বেগ ও আতঙ্ক বাড়তে থাকে।
আরো পড়ুন: মিয়ানমারের ৪ শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
তবে হু প্রধান টেড্রস অ্যাডানোম ঘেব্রেইসাস জেনেভায় এই ঘোষণার পরে জানিয়েছেন, এই মুহূর্তে ইবোলা সংক্রমণের হার বেশি আঞ্চলিক স্তরে। আক্রান্ত এলাকার বাইরে রোগ ছড়িয়ে পড়ার হার অনেক কম।
ইত্তেফাক/টিএস