গত দুই বছরে ১৬ বার কোচ বদল করেছে পাকিস্তান। এছাড়া পালাবদল করে নির্বাচকের দায়িত্বে এসেছেন ২৬ জন। সম্প্রতি দেশটির বিশ্ব ক্রিকেটে বিপর্যয়ের কারণ হিসেবে এই তথ্য তুলে ধরেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ। সেই প্রসঙ্গ ধরেই তার সঙ্গে বিবাদে জড়িয়েছেন সাবেক কোচ জেসন গিলেস্পি।
দীর্ঘ ২৮ বছর পর আইসিসি ইভেন্ট হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসেছে পাকিস্তানে। তবে জয়হীন থেকেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় স্বাগতিকদের। এরপরই নিউজিল্যান্ডের মাটিতে দুই ফরম্যাটের সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে।
আসন্ন সফরের দল ঘোষণা করতে গিয়েই সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিশ্ব ক্রিকেটে টানা ব্যর্থতা নিয়ে কথা বলেছেন কোচ আকিব জাভেদ। তিনি বলেন, ‘আমরা গত দুই বছরে প্রায় ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন করেছি। বিশ্বের যেকোনো দলেই যখন আপনি এই বিষয়টি প্রয়োগ করবেন, তারা একইরকম অস্থিরতার মধ্য দিয়ে যাবে। যদি ওপর থেকে নিচ পর্যন্ত ধারাবাহিকতা না রাখা যায়, (ক্রিকেটীয়) উন্নতি অধরাই থেকে যাবে।’
তবে আকিবের এই মন্তব্য ভালোভাবে নেয়নি সাবেক অস্ট্রেলিয়ান তারকা ও পাকিস্তানের সাবেক কোচ গিলেস্পি। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি গ্যারি কার্স্টেন ও তাকে অপমান করা হয়েছে বলে মনে করেন গিলেস্পি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একটি ছবিতে পাকিস্তানের সাবেক কোচ ও অজি পেসার লিখেছেন, ‘এটি হাস্যকর। আকিব স্পষ্টভাবে গ্যারি (কার্স্টেন) এবং আমাকে সব ফরম্যাটের দায়িত্বে থাকা নিয়ে অবমূল্যায়ন করেছে। সে–ই মূলত ভাঁড় (ক্লাউন)।’