কে কী বললো তাতে কিছুই আসে যায় না রাধিকা আপ্তের। বলিউডের অন্য নায়িকাদের চেয়ে তাঁকেই সবচেয়ে বেশি সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। ছোট পোশাক, ঘনিষ্ঠ দৃশ্য—সবকিছুতেই বেশ প্রশংসা কুঁড়ান তিনি। সম্প্রতি ঠিক একই বিষয় নিয়ে আলোচনার শীর্ষে তিনি। ‘দ্য ওয়েডিং গেস্ট’ সিনেমার একটি যৌন দৃশ্য অন্তর্জালে ফাঁস হয়েছে। সেই দৃশ্যের কারণে একটি মহল থেকে প্রশংসা পেলেও সমালোচনা কম হচ্ছে না তাঁকে নিয়ে। যথারীতি শোরগোল চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অন্যান্যবারের মতো এবার খুশি হননি তিনি, বরং চটেছেন! শুধু তাই নয়, এটাকে ‘সামাজিক ব্যাধি’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। এই নায়িকা বলেন, ‘এই সিনেমায় অনেক সুন্দর দৃশ্য রয়েছে। সেগুলো তো সামনে আনলো না কেউ! বেছে বেছে এই দৃশ্যগুলো ছড়াতে হচ্ছে কেন? সেসব ভাইরাল হয়েছে আমার নামে। দেব প্যাটেলও তো অভিনয় করেছেন। কেন কখনো ছেলেদের নামে এই দৃশ্য তো ফাঁস হয় না? অন্যায়ভাবে বারবার মেয়েরাই কেন ভিকটিমাইজড?’
রাধিকা আরো বলেন, ‘এই দৃশ্যে দেবও রয়েছেন। কিন্তু তাঁকে না দেখিয়ে এমনভাবে অনলাইনে দেখানো হয়েছে দৃশ্যগুলো, যাতে সবার নজর শুধু আমার ওপরই পড়ে। আমার নামে ছড়ানো হয়েছে দৃশ্যগুলো। পুরুষ শাসিত সমাজের এটাই রীতি।’ রাধিকার মতে, সমাজের কিছু মানুষ এখনো ভীষণ বিকৃত রুচির।