হাফিজের খোঁচার জবাব দিলেন ওয়াকার  

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে আলোচনা তুঙ্গে। তিনি অভিযোগ করেছিলেন, নব্বইয়ের দশকের ক্রিকেটাররা পরবর্তী প্রজন্মের জন্য কোনো ঐতিহ্য রেখে যাননি। তার এই মন্তব্যের জবাব দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পুরোনো ছবি পোস্ট করেছেন ওয়াকার ইউনুস, যেখানে তিনি ও ওয়াসিম আকরাম একসঙ্গে রয়েছেন। ছবির ক্যাপশনে বড় অক্ষরে তিনি লেখেন, ‘90’s KA LONDA’। এরপর পোস্টে নিজের ও ওয়াসিম আকরামের পারফরম্যান্সের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন তিনি।  

যদিও ওয়াকার সরাসরি হাফিজের নাম উল্লেখ করেননি, তবে তার পোস্টের ভাষা দেখে স্পষ্ট যে, তিনি হাফিজের সমালোচনার জবাব দিতেই নব্বইয়ের দশকের ক্রিকেটারদের সাফল্য তুলে ধরেছেন।  

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগে বিদায়ের পর মোহাম্মদ হাফিজ দলের ব্যর্থতা বিশ্লেষণ করতে গিয়ে বলেন, 'নব্বইয়ের দশকের কিংবদন্তিদের আমি ভীষণ শ্রদ্ধা করি, কিন্তু তারা পাকিস্তানের ক্রিকেটের জন্য কোনো ঐতিহ্য রেখে যাননি। তারা আইসিসির কোনো বড় শিরোপা জিততে পারেননি। ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে পাকিস্তান ব্যর্থ হয়েছিল। মাত্র একবার (১৯৯৯) ফাইনালে উঠেছিলাম, কিন্তু সেটিও বাজেভাবে হেরেছিলাম।'   

২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার পর দেশটির ক্রিকেট ঐতিহ্য ও সাবেক খেলোয়াড়দের ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নব্বইয়ের দশকের অনেক সাবেক ক্রিকেটার এখন ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করছেন এবং বর্তমান দলের কঠোর সমালোচনা করছেন। তবে তাদের নিজেদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।  

ওয়াকার ইউনুসের প্রতিক্রিয়া সেই বিতর্কেরই একটি অংশ, যেখানে তিনি নব্বইয়ের দশকের ক্রিকেটারদের অবদান স্মরণ করিয়ে দিয়েছেন এবং নিজেদের সাফল্যের স্বীকৃতি দাবি করেছেন।