গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সফল ছিল স্পিনাররা। ম্যাচের আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে আটকে রেখেছিল ভারতীয় চার স্পিনার-বরুণ, কুলদ্বীপ, জাদেজা ও অক্ষর। বলা চলে-তারা ছিল সফল। তবে এই স্পিনারদের আলোকিত সময়ের মধ্যে এক দুঃস্বপ্নের দিন কাটিয়েছে দলটির তারকা পেসার মোহাম্মদ শামি।
এই ম্যাচে তিনি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ করা বোলার হিসেবে নাম লিখিয়েছেন। গতকাল শামি তার কোটার ৯ ওভারের স্পেলে এক উইকেটের বিনিময়ে ৭৪ রান দিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ছিল ৮.২২।
যা ভারতের সাবেক পেসার উমেশ যাদবের পর দ্বিতীয় সর্বোচ্চ খরুচে স্পেল। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উমেশ ১০ ওভারে ৭৫ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন, যে টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া, ভারতীয় স্পিনারদের মধ্যে হরভজন সিং (২০০৯) ও রবিচন্দ্রন অশ্বিন (২০১৭) চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭০+ রান খরচ করেছিলেন।
এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবচেয়ে ব্যয়বহুল বোলিং
১/৭৫ উমেশ যাদব বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৩
১/৭৪ মোহাম্মদ শামি বনাম নিউজিল্যান্ড, ২০২৫
১/৭১ হরভজন সিং বনাম পাকিস্তান, ২০০৯
০/৭০ রবিচন্দ্রন অশ্বিন বনাম পাকিস্তান, ২০১৭
০/৬৮ জসপ্রীত বুমরাহ বনাম পাকিস্তান, ২০১৭